নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাসিক প্রশাসকের পদে পদায়ন করা হয়েছে। তবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই হওয়ায় তার এই নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে নানামুখী আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে গত ১ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশের মাধ্যমে ড. আবদুল্লাহকে এই দায়িত্ব দেওয়া হয় এবং তিনি ইতোমধ্যে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন এ এইচ এম কামরুজ্জামান, যিনি সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি হয়েছেন।
প্রশাসনিক সূত্র জানায়, সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়া লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিব শফিকুল আলমের ঘনিষ্ঠজন এবং তারা একই অঞ্চলের বাসিন্দা। মাগুরা সমিতির বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে উপস্থিত থাকতেও দেখা গেছে।
এই নিয়োগের ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য আমি কোনো লবিং বা তদবির করিনি। সরকারের কোনো উপদেষ্টা বা মন্ত্রণালয়ের কারও সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়নি।” তিনি আরও যোগ করেন, “আমার ভাই সরকারের একজন যোগ্য যুগ্ম সচিব কর্মকর্তা, যার জার্মানি ও অস্ট্রেলিয়ার উচ্চতর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় প্রথম স্থান রয়েছে। তার যোগ্যতার কারণেই তিনি দায়িত্ব পেয়েছেন।”
অন্যদিকে, এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, প্রেস সচিবের ভাই হিসেবে নয়, বরং প্রশাসনিক প্রয়োজনেই তাকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত কর্মকর্তা না পাওয়া এবং নিরাপত্তা ছাড় প্রক্রিয়ায় জটিলতার কারণে অনেক কর্মকর্তাকেই বর্তমানে এ ধরনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করতে হচ্ছে।
0 Comments