আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে নিজেদের সাংগঠনিক অবস্থান সুসংহত করতে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি সভা সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নাসিক নির্বাচনের ইতিহাসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হেভিওয়েট এলাকা হিসেবে পরিচিত এই ওয়ার্ডের বিশাল ভোটব্যাংক রক্ষা ও মাঠ দখলের লক্ষ্যে ৪নং প্রশাসনিক ওয়ার্ডের সকল ইউনিট ও ওয়ার্ড সভাপতি এবং শীর্ষস্থানীয় দায়িত্বশীলদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরী কার্যপরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া ।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত সকল স্তরের দায়িত্বশীল ও ইউনিট সভাপতিগণ একযোগে ৪নং ওয়ার্ডে জামায়াত মনোনীত তরুণ ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী তারেক আজিজের পক্ষে দৃঢ় সংহতি প্রকাশ করেন।
সভায় সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর আলী আক্কাস রুম্মন ভোটব্যাংক রক্ষা ও বৃদ্ধির জন্য দলটির নিজস্ব সাংগঠনিক মেকানিজম এবং অত্যন্ত সূক্ষ্ম কিছু গোপন কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা করেন। একই সাথে থানা সেক্রেটারি শহীদুল্লাহ শহীদ বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা সামনে রেখে ৪নং ওয়ার্ডের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটব্যাংক নিজেদের অনুকূলে রাখতে কৌশলগত রূপরেখা তুলে ধরেন। এই পুরো গুরুত্বপূর্ণ সভার মূল তদারককারী হিসেবে নিবিড় তত্ত্বাবধান, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন।
৪নং ওয়ার্ডের শীর্ষ দায়িত্বশীল শরিফুল হকের উপস্থিতিতে সভায় বিগত জাতীয় নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করা হয়। উন্মুক্ত এই পর্যালোচনায় ইউনিট সভাপতিদের দেওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ মতামত, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা এবং মহানগর নেতৃবৃন্দের বিশেষ নির্দেশনাবলী সুনির্দিষ্টভাবে কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়। সেই লিখিত কার্যপ্রণালী অনুসরণ করে অবিলম্বে মাঠপর্যায়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং সে অনুযায়ী মাঠের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।




0 মন্তব্যসমূহ